
শুভ্র সাহা, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় জ্বালানি সম্পদের ব্যবহার কমানোর লক্ষ্যে গোপালগঞ্জে দোকানপাট নির্ধারিত সময়ে বন্ধে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট ও ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ করার কথা রয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা, অতিরিক্ত বাতি ও বিলবোর্ডের আলো নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার জন্যও সচেতন করা হয়।
সংশ্লিষ্টরা বলেন, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। একজন ব্যক্তি মাত্র এক মিনিট বিদ্যুৎ সাশ্রয় করলেও সম্মিলিতভাবে এর বড়ো প্রভাব পড়তে পারে জাতীয় জ্বালানি ব্যবস্থাপনায়।
বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বলা হয়, দেশের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন সামান্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করলে জাতীয়ভাবে এর সুফল অনেক বড়ো হতে পারে। এতে জ্বালানি আমদানি ও বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের জ্বালানি সম্পদের মজুত সংরক্ষণেও ভূমিকা রাখা সম্ভব।

সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।