
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেওয়ার পর মন্ত্রণালয় গুলোতেও জরুরি রদবদল করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মন্ত্রীদের রদবদলের এই প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও আইনজীবী সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।
অন্যদিকে, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র আরও জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
ফলে তার ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতেই এই রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির হাতে দেওয়ার সিদ্ধান্তকে সরকারের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাপনায়ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
তবে মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের তথ্য হিসেবেই থাকছে।