
নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে-রাতে বারবার বিদ্যুৎ আসা-যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহক, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিশু ও বয়োবৃদ্ধরা। স্থানীয়দের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিল কমছে না; বরং অনেক গ্রাহককে আগের তুলনায় বেশি বিল পরিশোধ করতে হচ্ছে।
স্থানীয়দের ভাষায়, ‘শরণখোলায় বিদ্যুৎ থাকে না, তবে মাঝে মধ্যে আসে।’ তাদের অভিযোগ, প্রতিদিন ২৫ থেকে ৩০ বার পর্যন্ত বিদ্যুৎ চলে যায়। কখনো বিদ্যুৎ এলেও ১০ থেকে ১৫ মিনিটের বেশি স্থায়ী হয় না। ফলে বিদ্যুৎনির্ভর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ভেঙে পড়েছে।
শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকা দিনে-রাতে ২৫-৩০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। সমগ্র এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে শিশু ও বয়স্কদের কষ্ট আরও বেড়ে যায়।
বিদ্যুৎ না থাকায় ফ্যান ঠিকমতো চলে না, আবার বিদ্যুৎ এলেও অনেক সময় ভোল্টেজ কম থাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। কোথাও ফ্যান ধীরগতিতে ঘুরছে, কোথাও বাতি জ্বলছে মিটমিট করে।
গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহের এমন পরিস্থিতির মধ্যেও মাস শেষে বিদ্যুৎ বিলের পরিমাণ কমছে না। বরং কোনো কোনো গ্রাহক আগের চেয়ে বেশি বিল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ফ্রিজ ও ফ্রিজারনির্ভর ব্যবসায়ীরা। বিভিন্ন দোকানে সংরক্ষণ করা ঠান্ডা পানীয়, আইসক্রিম, দুধ, মাছ-মাংসসহ বিভিন্ন পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শরণখোলার একাধিক ব্যবসায়ী জানান, দিনে ২৫-৩০ বার বিদ্যুৎ চলে গেলে ফ্রিজ ও ফ্রিজার ঠিকমতো ঠান্ডা রাখতে পারে না। ফলে পণ্য নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। অথচ বিদ্যুৎ না পেয়েও মাস শেষে বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে।
লোডশেডিংয়ের কারণে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পাঠগ্রহণে সমস্যা হচ্ছে। বাসাবাড়িতেও রাতে বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।
স্থানীয় অভিভাবকদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করতে পারছে না। বিশেষ করে রাতের লোডশেডিংয়ে পরীক্ষার্থীদের প্রস্তুতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
শরণখোলার বিভিন্ন মসজিদের মুসল্লিরাও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পাঁচ ওয়াক্ত নামাজের সময় অনেক সময় বিদ্যুৎ থাকে না। শুক্রবার জুমার নামাজের সময়ও বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের কষ্ট করতে হয়।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ আরও বেশি। স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো এলাকায় সারাদিনে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। দিনের বড় একটি সময় বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে তাদের।
শরণখোলার গ্রাহকদের অভিযোগ, লোডশেডিংয়ের পাশাপাশি নিম্ন ভোল্টেজও তাদের জন্য নতুন দুর্ভোগ তৈরি করেছে। বিদ্যুৎ আসার পরও অনেক সময় ভোল্টেজ এত কম থাকে যে ফ্যান স্বাভাবিক গতিতে ঘোরে না এবং বৈদ্যুতিক বাতিও ঠিকমতো জ্বলে না।
গ্রাহকদের প্রশ্ন—যে বিদ্যুৎ নিয়মিত পাওয়া যাচ্ছে না, সেই বিদ্যুতের বিল আগের তুলনায় বেশি হচ্ছে কেন?
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী দাবি করেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর হঠাৎ সরবরাহ চালু হলে কিছু সময় ভোল্টেজ ওঠানামা করতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, এ সময় মিটারে তুলনামূলক বেশি ইউনিট রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ দাবির বিষয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, বিদ্যুৎ বিল নিয়ে স্বচ্ছ তদন্ত ও মিটার পরীক্ষা করা প্রয়োজন।
শরণখোলা সাব-জোনাল অফিসের এক কর্মকর্তা (এজিএম) জানান, এটি জাতীয় পর্যায়ের বিদ্যুৎ সংকটের অংশ। উৎপাদন কম থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, শরণখোলা উপজেলায় প্রায় ৩৯ হাজার গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের চাহিদা পূরণে প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৬ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের বড় ধরনের ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
তার আশা, আগামী দুই-তিন মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আরও মিতব্যয়ী হতে হবে। বিদ্যুতের অপচয় কমানো গেলে ভবিষ্যতে লোডশেডিংয়ের চাপ কমানো সম্ভব হবে বলে তিনি জানান।
শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন বলেন, বিদ্যুতের সংকট শুধু শরণখোলার নয়, এটি জাতীয় সমস্যা। তীব্র গরমের মধ্যে প্রতিনিয়ত বিদ্যুৎ আসা-যাওয়ায় সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই-তিন মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, বিদ্যুতের লোডশেডিং একটি জাতীয় সমস্যা। তবে শরণখোলার পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে।
তিনি বলেন, শরণখোলায় একটি সাবস্টেশন স্থাপন করা গেলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি হবে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোংলা গ্রিড থেকে শরণখোলা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের কাজও চলমান রয়েছে।
ইউএনও জানান, মোংলা থেকে জিউধারা পর্যন্ত বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ হয়েছে। আগামী দুই-তিন মাসের মধ্যে এ উদ্যোগের সুফল পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শরণখোলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে একটি বিদ্যুৎ সাবস্টেশন স্থাপন করা অত্যন্ত জরুরি।
স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জাতীয় ঘাটতির কথা বলা হলেও দিনের পর দিন এমন অসহনীয় পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত শরণখোলায় বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা, নিম্ন ভোল্টেজের সমস্যা সমাধান, লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ এবং অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করা জরুরি।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ না থাকলেও বিল দিতে হচ্ছে, আবার বিদ্যুৎ এলেও তা স্থায়ী হচ্ছে না। ফলে ‘পল্লী বিদ্যুতের ভেলকিবাজি’ থেকে রেহাই পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাদের আশঙ্কা, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে তীব্র গরমে জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রায় আরও বড় ধরনের ক্ষতি হতে পারে।