ভীমরুলির খালে ডিঙি নৌকায় মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারা বাগানের সৌন্দর্যে।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ভীমরুলির খালে ডিঙি নৌকায় মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারা বাগানের সৌন্দর্যে।

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার ঐতিহ্যবাহী ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছালে স্থানীয় পেয়ারা চাষিরা তাকে স্বাগত জানান।

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় চাষিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের ধন্যবাদ দেন। পরে স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফিতে অংশ নেন তিনি।

ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য ও নৌকা ভিত্তিক জীবনযাত্রা কাছ থেকে দেখতে রাষ্ট্রদূত ডিঙি নৌকায় খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি খালের দুই পাশের বিস্তীর্ণ পেয়ারা বাগান, নৌযান এবং স্থানীয় পরিবেশের সৌন্দর্য উপভোগ করেন। পাশাপাশি ট্রলারেও করে খালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পেয়ারা উৎপাদন, বাজার জাতকরণ, স্থানীয় বাণিজ্য ও কৃষকদের জীবনযাত্রা সম্পর্কে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন। পরে তিনি ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাটের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।
সরেজমিনে দেখা যায়, ভীমরুলির খালে ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে করে পেয়ারা কেনাবেচার ব্যস্ততা চলছে।

নৌকা ভিত্তিক এই বাজার ও আশপাশের পেয়ারা বাগানের দৃশ্য রাষ্ট্রদূতের সফরে বিশেষ আকর্ষণ তৈরি করে। সফরের সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভীমরুলি বাংলাদেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে খালের পানিতে নৌকায় করে এখানে পেয়ারা কেনাবেচা হয়। ঐতিহ্যবাহী এই পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন।

এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, স্থানীয় অর্থনীতি, নৌকা ভিত্তিক জীবন যাত্রা ও পর্যটন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।