
এ. জেড আমিনুজ্জামান রিপন :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. কে এম বাবর।
র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ডা. কে এম বাবর বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সবসময় গণমানুষের পাশে থাকবে।”
সমাবেশে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।