সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার।

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় গত ১ জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে সুন্দরবনের ওপর নির্ভরশীল উপকূলীয় এলাকার জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের বনের অভ্যন্তরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
তবে অভিযোগ উঠেছে, বন বিভাগের এই নিষেধাজ্ঞা বাস্তবে অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন এলাকায় বন বিভাগের নজরদারির মধ্যেই চলছে অবৈধভাবে কাঁকড়া শিকার ও বিষ প্রয়োগ করে মাছ নিধন। এতে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি এলাকায় সরেজমিনে দেখা গেছে, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কাছাকাছি এলাকায়ও কিছু জেলে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে কাঁকড়া শিকার করছেন। দূর থেকে দেখা যায়, নৌকায় করে কাঁকড়া নিয়ে তারা লোকালয়ের দিকে ফিরছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জানান, অমাবস্যা ও পূর্ণিমার গোনের সময় কিছু লোকের মাধ্যমে বনাঞ্চলে প্রবেশের সুযোগ পাওয়া যায়। তিনি দাবি করেন, নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার বিনিময়ে অনেকেই বনে ঢুকে কাঁকড়া শিকার করে থাকেন।

এদিকে পূর্ব সুন্দরবনের বিভিন্ন সংবেদনশীল এলাকায় খালে বিষ প্রয়োগ করে চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী মহল ও অসাধু চক্রের সহায়তায় একাধিক নৌকা নিয়ে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পরিবেশবিদদের মতে, প্রজনন মৌসুমে এ ধরনের অবৈধ শিকার বন্ধ করা না গেলে সুন্দরবনের জলজ প্রাণী, মাছের প্রজনন ও সামগ্রিক জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।

অভিযোগের বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান এই প্রতিবেদককে বলেন, সংরক্ষিত বনাঞ্চলে নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

স্থানীয় ফরেস্ট ক্যাম্পের পাশাপাশি বিশেষ স্মার্ট টহল টিম দিন-রাত কাজ করছে। নির্দিষ্ট কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “অবৈধ ভাবে বনে প্রবেশের কোনো সুযোগ নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বন বিভাগের এসিএফ আরও জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের অনুমতিপত্র দেওয়া শুরু হবে। নিবন্ধিত বনজীবী ও পর্যটকরা নির্ধারিত নিয়ম মেনে বনে প্রবেশ করতে পারবেন। তবে অভয়ারণ্য এলাকাগুলো সারা বছরই সবার জন্য নিষিদ্ধ থাকবে।