
বি এম জোবায়ের হোসেন :

গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তারা।
সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং মাছ উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।
আলোচনায় টেকসই মৎস্য চাষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা জানান, আগামী ১৬ আগস্ট থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের সম্মাননা, পোনা মাছ অবমুক্তকরণ, উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি সফল করতে সকল সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মৎস্যচাষী ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।