ইন্টারনেট গতিতে পিছিয়ে বাংলাদেশ: মোবাইলে ৯১তম, ব্রডব্যান্ডে ৯৩তম অবস্থানে।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ইন্টারনেট গতিতে পিছিয়ে বাংলাদেশ: মোবাইলে ৯১তম, ব্রডব্যান্ডে ৯৩তম অবস্থানে।

বাংলাদেশে ফোরজি নেটওয়ার্কের বিস্তার ঘটলেও ইন্টারনেটের গতি ও সেবার মানে এখনো বড় ধরনের পিছিয়ে থাকা অবস্থান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতির তুলনামূলক চিত্রে দেখা যাচ্ছে, মোবাইল ইন্টারনেটের গতিতে ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম। অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ৯৩তম স্থানে।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট সংযোগের দুর্বলতা, ধীরগতি ও ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ফোরজি পৌঁছেছে শতভাগ এলাকায়, তবুও ৪৭ শতাংশ মানুষ ইন্টারনেটের বাইরে; ধীরগতি বাধাগ্রস্ত করছে ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও ক্যাশলেস সমাজের লক্ষ্য।

এর প্রভাব পড়ছে বিনিয়োগ, রপ্তানি, প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক বাণিজ্য, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সরকারি ডিজিটাল সেবা সম্প্রসারণে। একই সঙ্গে সরকারের ক্যাশলেস সমাজ গড়ার পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

ডিজিটাল বিপ্লবের পথে ইন্টারনেট বড় চ্যালেঞ্জ
সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত ‘দ্য আনফিনিশড ডিজিটাল রেভল্যুশন: এক্সপান্ডিং ইন্টারনেট অ্যাকসেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চগতির ইন্টারনেট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি দেশের উৎপাদনশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্ভাবন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নেটওয়ার্ক কাভারেজ বাড়লেও বাস্তবে ইন্টারনেট ব্যবহারের হার এখনো তুলনামূলক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশে ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৫৮ দশমিক ৬ শতাংশ। এক বছরের ব্যবধানে এটি বেড়েছে প্রায় ৫ শতাংশ।

একই সঙ্গে ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৯ দশমিক ৫ শতাংশ।
তবে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ফোরজি মোবাইল নেটওয়ার্ক দেশের শতভাগ জনগোষ্ঠীর আওতায় পৌঁছালেও বাস্তবে ইন্টারনেট ব্যবহার করছিল মাত্র ৫৩ শতাংশ মানুষ। অর্থাৎ নেটওয়ার্ক সুবিধা থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ এখনো অনলাইনের বাইরে রয়েছে।

বিশ্বব্যাংক বলছে, উচ্চমূল্যের ডিভাইস, ডেটা প্যাকেজের ব্যয় এবং ডিজিটাল সাক্ষরতার ঘাটতির কারণে অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। শুধু অবকাঠামো তৈরি করলেই ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত হয় না, মানুষের বাস্তব ব্যবহারের সুযোগ তৈরি করাও জরুরি।
ক্যাশলেস সমাজের পথে ধীর ইন্টারনেট বড় বাধা
বাংলাদেশ সরকার যখন নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে, তখন ধীরগতির ইন্টারনেট বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিজিটাল পেমেন্ট, মোবাইল আর্থিক সেবা, অনলাইন ব্যাংকিং, পয়েন্ট অব সেল এবং কিউআর কোড ভিত্তিক লেনদেন নির্ভর করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের ওপর। ধীরগতির ইন্টারনেটের কারণে লেনদেনে বিলম্ব, সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং পেমেন্ট ব্যর্থতার মতো সমস্যা তৈরি হয়। এতে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা কমে যেতে পারে।

ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ডিজিটাল কার্যক্রম পরিচালনার জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট অপরিহার্য। ইন্টারনেটের গতি কম হলে পুরো ডিজিটাল ব্যবস্থা কার্যকর ভাবে পরিচালনা করা কঠিন এবং মানুষের আস্থাও কমে যায়।

বিশ্বের তুলনায় বাংলাদেশের ইন্টারনেট গতি
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ইন্টারনেট গতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির গড় গতি প্রায় ৬৮১ এমবিপিএস। অন্যদিকে নিম্নমধ্যম আয়ের দেশ ভিয়েতনামেও মোবাইল ইন্টারনেটের গতি প্রায় ১৮৮ এমবিপিএস।

সেখানে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি প্রায় ৪৩ এমবিপিএস। ফিক্সড ব্রডব্যান্ডে বাংলাদেশের গতি প্রায় ৬৬ এমবিপিএস। অথচ সিঙ্গাপুরে ব্রডব্যান্ডের গতি প্রায় ৪২১ এমবিপিএস। ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশও এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে।
অবকাঠামো বিনিয়োগের ঘাটতি
ইন্টারনেট নেটওয়ার্ক বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, গত সাত-আট বছরে এ খাতে প্রয়োজনীয় অবকাঠামোগত বিনিয়োগ হয়নি। ফোরজি সারা দেশে থাকলেও এর মান ও সক্ষমতার উন্নতি হয়নি।

প্রতিবেশী দেশগুলো যেখানে ফাইভজিতে এগিয়ে গেছে, বাংলাদেশ এখনো মোবাইল ইন্টারনেটের গতি ও মান উন্নয়নে পিছিয়ে রয়েছে।
তিনি বলেন, ব্রডব্যান্ডের মানও সব জায়গায় এক নয়। ফলে প্রযুক্তিনির্ভর অর্থনীতির জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

গ্রামাঞ্চলে ডিজিটাল বৈষম্য
বিশ্বব্যাংক বলছে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে ইন্টারনেট ব্যবহারের হার সরাসরি সম্পর্কিত। উচ্চ আয়ের দেশগুলোতে প্রায় ৯৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বিপরীতে নিম্ন আয়ের দেশগুলোতে এই হার মাত্র ২৩ শতাংশ।

বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ ও গতির সীমাবদ্ধতার কারণে মানুষ কৃষি তথ্য, ডিজিটাল পেমেন্ট, টেলিহেলথ এবং সরকারি অনলাইন সেবা থেকে পিছিয়ে পড়ছে।
প্রযুক্তি নির্ভর অর্থনীতির জন্য দ্রুত রূপান্তর প্রয়োজন
প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, উচ্চগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট এখন বিলাসিতা নয়, এটি মৌলিক অবকাঠামো। ব্যবসা, ক্লাউড সার্ভিস, সফটওয়্যার, গ্রাহকসেবা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম সবই ইন্টারনেটের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে শুধু ইন্টারনেটের বিস্তার নয়, গতি, স্থিতিশীলতা, নির্ভরযোগ্যতা এবং আন্তর্জাতিক ব্যান্ডউইডথের মান উন্নত করা প্রয়োজন।

ডিজিটাল অর্থনীতিতে বড় পরিবর্তনের আহ্বান
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ বলেন, বৈশ্বিক অর্থনীতি এখন ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রধান ভিত্তি দ্রুতগতির ইন্টারনেট।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানির একটি অংশ এখন ডিজিটাল নির্ভর। ইন্টারনেটের গতি কম হলে তা বাধাগ্রস্ত হবে। ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠানসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতও ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে। তাই ডিজিটাল অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান বলেন, দ্রুতগতির ইন্টারনেট ব্যবসা-বাণিজ্যের অন্যতম মৌলিক অবকাঠামো। ইন্টারনেটের গতি ও সংযোগ বাড়লে প্রতিযোগিতা বাড়বে, সেবার মান উন্নত হবে এবং ব্যবসায়ীরা আরও বেশি সুযোগ পাবেন।
বিনিয়োগ আকর্ষণেও গুরুত্বপূর্ণ ইন্টারনেট
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ডিজিটাল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণ বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করবে।

তিনি বলেন, সাবমেরিন কেবল, ফাইভজি অবকাঠামো সম্প্রসারণ এবং উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেশের ডিজিটাল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলো যখন গিগাবিট গতির ইন্টারনেটকে ভিত্তি করে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছে, তখন বাংলাদেশ এখনো ধীরগতির ইন্টারনেটের চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

অর্থনৈতিক প্রতিযোগিতা ও ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দ্রুতগতির, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করা এখন সময়ের অন্যতম বড় দাবি।