
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জের মধুমতি নদী থেকে নিখোঁজ ঢাকার গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফ (২২)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাফিস আশরাফ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়া এলাকার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে পরিবারের কাউকে কিছু না জানিয়ে এবং নিজের মোবাইল ফোন বাসায় রেখে তিনি ইসলামপাড়া জেলাখানার পাশের নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি পরিবারের সদস্যরা নাফিস আশরাফের বলে শনাক্ত করেছেন।
তিনি বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।