
নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট):

তিন অবৈধ শুঁটকির টংঘর গুঁড়িয়ে দিল বন বিভাগ, জব্দ চিংড়ি-নৌকা-কীটনাশক।
মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে অভিযান চালিয়ে তিনটি অবৈধ শুঁটকির টংঘর (মাছা) ধ্বংস করেছে বন বিভাগ। এ সময় বিপুল পরিমাণ শুকনা ও কাঁচা চিংড়ি, জেলে নৌকা, মাছ ধরার জাল, বিষাক্ত কীটনাশকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাসের নেতৃত্বে বনরক্ষীদের একটি দল চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও হরমাল খালসংলগ্ন দুর্গম বনাঞ্চলে অভিযান পরিচালনা করে।
অভিযানে তিনটি অবৈধ শুঁটকির টংঘর শনাক্ত করা হয়। হরমাল খালের ভেতরে থাকা একটি টংঘর থেকে দুই বস্তা শুকনা চিংড়ি এবং শুঁটকি তৈরির জন্য মজুত পাঁচ বস্তা তাজা চিংড়ি জব্দ করা হয়। পাশাপাশি দুটি জেলে নৌকা, দুটি টানা জাল, দুই লিটার বিষাক্ত কীটনাশক, তিন বস্তা চাল এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে অবৈধ টংঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
একই অভিযানের ধারাবাহিকতায় সুন্দরবনের একটি খাল থেকে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত একটি অবৈধ চারুবোঝাই নৌকাও জব্দ করা হয়। নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে গেলেও সেখান থেকে কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ৯৫টি চারু উদ্ধার করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে তিন মাসব্যাপী মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিন্তু এক শ্রেণির অসাধু জেলে গোপনে বনাঞ্চলের দুর্গম এলাকায় প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ ও শুঁটকি প্রস্তুতের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বনাঞ্চলে প্রবেশকারী এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।