জিটুজি নাকি বেসরকারি বাণিজ্যিক চুক্তি ? প্রশ্ন উঠছেই।”

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

জিটুজি নাকি বেসরকারি বাণিজ্যিক চুক্তি ? প্রশ্ন উঠছেই।"

সরকারের সঙ্গে সরকারের সরাসরি চুক্তিকে সাধারণ ভাবে Government-to-Government (G2G) বা জিটুজি চুক্তি বলা হয়। অর্থাৎ, একটি দেশের সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রের পক্ষ থেকে অন্য দেশের সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যে চুক্তি সম্পাদিত হয়, সেটিই জিটুজি চুক্তির মূল ধারণা।

কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এলএনজি আমদানি করা হয় একটি বেসরকারি কোম্পানি থেকে, তাহলে সেই আমদানিকে কীভাবে জিটুজি বলা যায় ?

যদি যুক্তরাষ্ট্র ভিত্তিক Gunvor USA LLC একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে থাকে এবং বাংলাদেশ সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাদের কাছ থেকে এলএনজি ক্রয় করে, তাহলে সেটি সাধারণ অর্থে Government-to-Company (G2B) বা একটি বাণিজ্যিক ক্রয়চুক্তি হিসেবে বিবেচিত হওয়ার কথা। এ ধরনের লেনদেনকে জিটুজি হিসেবে উপস্থাপন করা হলে, তার যৌক্তিক ও আইনি ভিত্তি কী, সেটি স্পষ্ট হওয়া জরুরি।

এখানেই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে:
Gunvor USA LLC কি যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান ?যদি না হয়, তাহলে কোন ভিত্তিতে এই আমদানিকে জিটুজি বলা হচ্ছে ? চুক্তিতে কি যুক্তরাষ্ট্র সরকারের কোনো আনুষ্ঠানিক গ্যারান্টি, অংশ গ্রহণ বা রাষ্ট্রীয় অনুমোদনের বিশেষ কাঠামো রয়েছে ? নাকি এটি কেবল একটি বাণিজ্যিক সরবরাহ চুক্তি, যা ভুলভাবে বা বিভ্রান্তিকর ভাবে জিটুজি হিসেবে প্রচার করা হচ্ছে ?

রাষ্ট্রের অর্থে জ্বালানি আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিভাষার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ “জিটুজি” শব্দটি সাধারণ মানুষের কাছে অধিক আস্থা, স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় নিশ্চয়তার ধারণা তৈরি করে। তাই যদি বাস্তবে চুক্তিটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে হয়ে থাকে, তবে সেটিকে জিটুজি হিসেবে বর্ণনা করার কারণ জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা উচিত।

এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাষ্ট্রায়ত্ত ক্রয়কারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত তথ্য, চুক্তির ধরন এবং আইনি কাঠামো প্রকাশ পেলে বিভ্রান্তি দূর হবে এবং জনগণও জানতে পারবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি আমদানির ক্ষেত্রে কোন ধরনের চুক্তি অনুসরণ করা হয়েছে।