
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) খুলনা বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে খুলনা পরিবেশ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জে জে এস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়। বেসরকারি উন্নয়ন সংস্থা জে জে এস-এর নির্বাহী পরিচালক মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হারুন-অর-রশীদ।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি করে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা করতে হবে।
একটি সুন্দর পৃথিবী গড়তে নগরায়নের পাশাপাশি সবুজায়নের দিকেও আমাদের এগিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষায় নিজেকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান তারা। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।
মাদক প্রসঙ্গে বক্তারা বলেন, নেশা জাতীয় দ্রব্য মানুষের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা, তাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন, সমাজ সেবক এমডি সহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার এবং উজনের নির্বাহী পরিচালক মনসুর আলম চৌধুরী।
মেট্রো পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্য নাথ দাশের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।