
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে খুলনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ ৩০ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্সে মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
গাছ বিতরণকালে পুলিশ কমিশনার বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া ও কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের পবিত্র দায়িত্ব।
পরিবেশের ভারসাম্য রক্ষায় কেএমপির কার্যক্রম তুলে ধরে তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ১২ হাজার ৫০০টি বৃক্ষ রোপণ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হলো। এ সময় তিনি নিজের ছাত্র জীবন থেকেই গাছ লাগানোর অভ্যাসের স্মৃতিচারণ করেন এবং উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তা সংরক্ষণের অঙ্গীকার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে এডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস (ভারপ্রাপ্ত) ও ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফএন্ডবি) জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মো. গোলাম মোর্শেদ এবং মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।