
এ জেড আমিনুজ্জামান রিপন :

“গোপালগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে সচ্ছতার ছোয়া” নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়ায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের স্বাক্ষরিত ২০২৬ সালের ২৮ জুলাইয়ের এক লিখিত সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দুই সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তৎকালীন সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন দলীয় কার্যক্রমে নেতৃত্ব দিয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেন।
রাজনৈতিক জীবনে তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। দলীয় সূত্রের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবিচল থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
পেশাগত জীবনে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম বর্তমানে গোপালগঞ্জ জেলা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটি ঘোষণার পর সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
তবে দলীয় কমিটি পুনর্গঠনকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা থাকলেও নতুন নেতৃত্ব সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে সামনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সফল হবে বলেই আশা করছেন নেতাকর্মীরা।