খুলনার অলিগলিতে পথশিশুদের গ্রাস করছে ‘ড্যান্ডি’ নেশা, নীরবে ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম।


মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার অলিগলিতে পথশিশুদের গ্রাস করছে 'ড্যান্ডি' নেশা, নীরবে ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম।

খুলনার ব্যস্ত সড়ক, ফুটপাত, রেলস্টেশন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল কিংবা বস্তির অন্ধকার কোণে নীরবে ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক নেশা।

স্বল্প মূল্যের আঠা জাতীয় পদার্থ ‘ড্যান্ডি গাম’ এখন খুলনার পথ শিশুদের মধ্যে নেশার সহজ মাধ্যম হয়ে উঠেছে। সামান্য অর্থে সহজলভ্য হওয়ায় দিন দিন বাড়ছে এর ব্যবহার, যা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এই প্রতিবেদকের, অনুসন্ধানে দেখা গেছে, খুলনা রেল স্টেশন, সাত নম্বর ঘাট, শহীদ হাদিস পার্ক, মীনা বাজার মোড় সহ শহরের বিভিন্ন জনবহুল এলাকায় প্রায়ই শিশু-কিশোরদের পলিথিনে ড্যান্ডি নিয়ে নেশা করতে দেখা যায়।

উল্লেখ্য, অনেকেই দিনের অধিকাংশ সময় রাস্তায় কাটায় এবং নেশার প্রভাবে স্বাভাবিক জীবন যাপন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

স্থানীয় সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, পথ শিশুদের মধ্যে ড্যান্ডি ছড়িয়ে পড়ার পেছনে একটি সক্রিয় চক্র কাজ করছে বলে অভিযোগ রয়েছে। ভাঙারির মালামাল ক্রেতা, স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কিছু অসাধু দোকানদার শিশুদের কাছে এই নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনেক ক্ষেত্রে পথ শিশুরা ভাঙারি বিক্রি করে যে সামান্য অর্থ পায়, তার বড় একটি অংশই ব্যয় হয় এই নেশার পেছনে।

সংশ্লিষ্টদের মতে, ড্যান্ডির মতো আঠা জাতীয় দ্রব্যের নেশা শিশুদের মস্তিষ্ক, শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন এ ধরনের নেশায় আসক্ত থাকলে তারা অপরাধ প্রবণতা, অসুস্থতা এবং সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ে।

সচেতন মহলের মতে, নীরবে বিস্তার লাভ করা এই ভয়াবহ নেশা রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। পথ শিশুদের পুনর্বাসন, তাদের শিক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, সন্দেহভাজন সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।l

বিশেষজ্ঞদের অভিমত, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সমাজ সেবা প্রতিষ্ঠান, শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তা না হলে আজকের পথশিশুদের একটি বড় অংশ নেশার অন্ধকারে হারিয়ে যাবে, যার দীর্ঘমেয়াদি সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বহন করতে হবে পুরো সমাজকেই।