রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

 

রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করেছেন। স্পিকারের কাছে জমা দেওয়া তার পদত্যাগ পত্রে তিনি শারীরিক ও মানসিক অসামর্থ্যতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।

 

 

 

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন বুধবার থেকেই শুরু হয়। পরদিন পদত্যাগ পত্র প্রকাশের আগেই তিনি নিজেই বিভিন্ন গণমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগ পত্রে সই করেছেন কি না জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

এরপর বঙ্গভবনের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র প্রকাশ করা হয়। চিঠিতে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ জুলাই ২০২৬।

 

স্পিকারের উদ্দেশে লেখা পদত্যাগ পত্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছিল। সেই সংকট উত্তরণে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। পরবর্তীতে আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা।

পদত্যাগ পত্রে তিনি বলেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সরকারি দল ও বিরোধী দল সংসদে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করছে। তিনি দাবি করেন, “আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।”

 

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনোমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।
তিনি লিখেছেন, এসব রোগের কারণে সৃষ্ট শারীরিক ও মানসিক অসামর্থ্যতার ফলে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।