
এ জেড আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জ জেলায় তদন্তাধীন বিভিন্ন চাঞ্চল্যকর ধর্ষণ মামলাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম তদারকির অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট মামলাগুলোর ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মামলার বাদী, সংশ্লিষ্ট পক্ষ ও সাক্ষীদের সঙ্গে সরেজমিনে কথা বলেন। এ সময় তিনি ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তদন্তের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করেন।
এছাড়া তদন্ত কার্যক্রম আরও কার্যকর, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তদন্তে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে, যাতে তদন্তে কোনো ধরনের গাফিলতি না হয় এবং ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পান।

পিবিআই গোপালগঞ্জ জেলা জানিয়েছে, সত্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।