
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার হামহাম জলপ্রপাতে ভ্রমণ করতে গিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর হাত ভেঙে যায়। দুর্গম পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসতে না পেরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয়দের সমন্বিত অভিযানে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে যান। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের মধ্যে একজন পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অপর ৯ শিক্ষার্থী সুস্থ রয়েছেন।