খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভা রোববার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় জেলা প্রশাসক হুরে জান্নাত সংশ্লিষ্ট দপ্তর গুলোকে সকল উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি সরকারি দপ্তরের নিজস্ব ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া উপজেলার মডেল মসজিদ গুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করে যথাসময়ে হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি বিভিন্ন হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। হাসপাতাল এবং আশপাশের এলাকা সম্পূর্ণ ধূমপান মুক্ত রাখতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, কয়রা উপজেলার মুন্ডা, মালো ও বাঘ-বিধবা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী জানান, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত হাম সন্দেহে এক হাজার ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় হামে ১৩ জনের মৃত্যু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, খুলনা জেলার কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ করা হবে। জেলায় মোট কৃষক পরিবারের সংখ্যা তিন লাখ ২৬ হাজার ৫৬১প্রাথমিক পর্যায়ে নয়টি উপজেলার নয়টি ব্লকে ১৫ হাজার ৬৬৯টি কৃষক পরিবারকে কৃষক কার্ড প্রদান করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, গত মাসে রপ্তানিযোগ্য চিংড়িতে পুশবিরোধী ১৩টি অভিযান পরিচালনা করে ৭২০ কেজি পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়েছে এবং ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া মৎস্য সংরক্ষণ আইনে সাতটি অভিযান ও চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল, দুটি বেহুন্দি জাল, একটি চায়না দুয়ারী জাল এবং তিনটি অবৈধ নেটপাটা জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে এক লাখ মাছের পোনা উদ্ধার করে অবমুক্ত করা হয় এবং তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, চলতি মাসে টিকা বিক্রয়, খামার নিবন্ধন ফি এবং কৃত্রিম প্রজনন ফি বাবদ মোট ১৯ লাখ ১ হাজার ৮০৬ টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৬ লাখ ৭১ হাজার ২৯৫ টাকা।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান, গত মাসে ১২টি বাজার তদারকি করে ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ ৯৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।