বেপরোয়া স্পোর্টস কারে বিদেশি পিস্তল: ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় দুষ্কৃতিকারী আটক।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বেপরোয়া স্পোর্টস কারে বিদেশি পিস্তল: ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় দুষ্কৃতিকারী আটক।

রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে এ ঘটনা ঘটে।দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামানোর সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। চালক ও আরোহীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশির উদ্দেশ্যে তাদের গাড়ি থেকে নামতে বলা হলে চালক হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করেন।

খবর পেয়ে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০), পিতা: সাহাদাত হোসেন বাপ্পি, তুরাগ সিটি, শাহআলী, মিরপুর-১, ঢাকা-কে আটক করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ডিএমপির নৈশকালীন (রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত) সার্বিক দায়িত্ব তদারকি করেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার। তিনি সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাফিক সদস্যদের এ ধরনের দায়িত্বশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি তারা ৬টি গরু, ৮টি চোরাই ছাগলসহ একটি ট্রাক ও তিনজন চোর, ৯টি মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগ গণমাধ্যমকে জানিয়েছে, দেশের সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।