
গোবিপ্রবি প্রতিবেদক :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
দিনব্যাপী আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা কামনা করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “তোমরা পরিবার ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে এসেছো। তবে তোমরা কখনোই একা নও। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের মতো সবসময় তোমাদের পাশে থাকবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে তোমাদের নতুন জীবনের পথচলা শুভ হোক। শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা। যেকোনো প্রয়োজনে তারা নির্দ্বিধায় আমার কাছে আসতে পারবে।”
নবীনবরণ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি এবং শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা এবং উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে গোবিপ্রবি ক্যাম্পাস। নতুন শিক্ষাবর্ষের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হলো।