
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক মারুফের মরদেহ উদ্ধার করেছে খুললাম মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশ।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে খুলনার হরিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ।
থানা পুলিশের অভিযানে আটকরা হলেন— মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুন।
হরিণটানা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিণটানা রেল সেতু সংলগ্ন ব্লু ওয়েল আবাসিক এলাকার বাসিন্দা মুরাদ মোল্লার সঙ্গে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কলহ হতো। সোমবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের একপর্যায়ে মুরাদ তার স্ত্রীকে মারধর করেন। পরে ফাল্গুনী খাতুন
হরিণটানা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগের সময় ফাল্গুনী পুলিশকে জানান, তার স্বামী মুরাদ মোল্লা ইজিবাইক চালক মারুফকে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছেন। পরে ইজিবাইকটি ভেঙে বিভিন্ন অংশ আলাদা করে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও তিনি পুলিশকে জানান।
বিষয়টি জানার পর হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি চৌকস টিম দ্রুত অভিযান চালিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে আটক দম্পতির দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে চালক মারুফের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হরিণটানা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন এই প্রতিবেদককে জানান, নিহত মারুফ আসামিদের পূর্বপরিচিত ছিলেন। গত রমজান মাসের কোনো একদিন রাতে ফোন করে তাকে বাসায় ডেকে আনা হয়। এরপর ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
তিনি আরও জানান, হত্যার পর ওই রাতেই বাড়ির উঠানে মাটি খুঁড়ে মরদেহ পুঁতে রাখা হয়। পরে ইজিবাইকটি ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।
ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হরিণটানা থানা পুলিশ।