
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং মানবিক ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
১৩ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
কল্যাণ সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবি-দাওয়ার বিষয় গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্য এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে পুলিশ কমিশনার ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।
এছাড়া খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় জুন ২০২৬ মাসে সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার বলেন, গত মাসে একজন সাব-ইন্সপেক্টর হেদায়েতের ক্যান্সারের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং একজন বাবুর্চি অসুস্থ হওয়ায় তাকে ৫০ হাজার টাকা ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি বলেন, পরবর্তীতে বিকাশ কোম্পানির সহযোগিতায় সাব-ইন্সপেক্টর হেদায়েতের জন্য দুই লাখ টাকার চেকের ব্যবস্থা করা হয়। বিকাশের একজন সিনিয়র কর্মকর্তা ও কেএমপির সাবেক অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান নিজে উপস্থিত হয়ে একটি সেমিনারের মাধ্যমে ওই অর্থ হস্তান্তর করেন। ইতোমধ্যে আরও কয়েকটি আবেদন প্রস্তুত করা হয়েছে, যাতে প্রয়োজনীয় সদস্যদেরও একই ধরনের সহায়তা দেওয়া যায়।
কেএমপি কমিশনার বলেন, কেএমপির যেসব সদস্য চরম সমস্যায় রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন দাতব্য সংস্থা ও প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আনুষ্ঠানিক সভার অপেক্ষা না করে প্রয়োজন অনুযায়ী সরাসরি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যে কোনো সদস্য যেন সহজেই সমস্যার কথা জানাতে পারেন, সে সুযোগ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সদস্যদের ব্যক্তিগত প্রতিভা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করে কেএমপির বিভিন্ন কাজে ব্যবহার করা হবে, যাতে প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সাশ্রয় হয়। এসব কাজের বিপরীতে সদস্যদের উৎসাহ দিতে যথাযথ পুরস্কারের ব্যবস্থা করা হবে।
সভায় পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের যোগসাজশ বরদাশত করা হবে না। প্রথমে কাউন্সেলিংয়ের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া হবে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানবিক, সেবামূলক ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে থানা, ফাঁড়ি ও ডিবি সহ সব ইউনিটকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। যারা মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে মানবাধিকার, আইনের শাসন ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা ও সিনিয়র কর্মকর্তাদের এসব নির্দেশনা অধস্তন সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কল্যাণ সভা শেষে দুপুর ১১টা ৩০ মিনিটে বয়রাস্থ পুলিশ লাইন্স লাউঞ্জ-২ এ কেএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন জনাব এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) ভারপ্রাপ্ত।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। সভায় খুলনা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।