
মো. আল-মাসুম খান, চিফ ক্রাইম রিপের্টার :

বাগেরহাটের মোংলায় নিখোঁজ মোটরসাইকেল চালক মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
আইনজীবী আদালতে জানান, বাগেরহাট জেলার মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখ পেশায় একজন মোটরসাইকেল ভাড়া চালক। গত ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে দুইজন সিভিল পোশাকধারী কোস্ট গার্ড সদস্য তাকে তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, এরপর তাকে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয়। পরবর্তী সময়ে একটি কোস্ট গার্ডের স্পিডবোটে ৭ থেকে ৮ জন ইউনিফর্ম পরিহিত সদস্য পন্টুনে এসে মিরাজ শেখের ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তাকে ওই স্পিডবোটে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর মিরাজ শেখের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে পরিবারের সদস্যরা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন এবং গত ২৩ এপ্রিল এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রিটে আরও বলা হয়, পন্টুনে দায়িত্বরত কোস্ট গার্ডের একজন সদস্য (সিএসি) পরিবারকে জানান যে, মিরাজ শেখ তাদের হেফাজতে রয়েছেন এবং ২ থেকে ৩ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় যে, তাদের হেফাজতে মিরাজ শেখ নামে কোনো ব্যক্তি রয়েছেন।
এদিকে, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো মামলা, গ্রেপ্তার বা অন্য কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলেও জানা যায়নি।
এ পরিস্থিতিতে নিখোঁজ মিরাজ শেখের বাবা মোস্তফা শেখ তার ছেলেকে উদ্ধারের লক্ষ্যে গত ২২ জুন হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন।
রিটটি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(বি)(i)-এর অধীনে দায়ের করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার বলবৎ করার আবেদন জানানো হয়।
রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে ওই নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন।