মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

পারিবারিক ঠিকানা ভুলে গিয়ে নিখোঁজ হওয়া সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে উদ্ধার করে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের নিকট হস্তান্তর করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টার। মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসহায় এক বৃদ্ধা ফিরে পেলেন তার আপনজনদের ঠিকানা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪/০৭/২০২৬ ইং তারিখে দৌলতপুর থানার জিডি নম্বর-৬৮-এর প্রেক্ষিতে পেট্রোল-৬৬ ডিউটিরত অবস্থায় রাত আনুমানিক ৮:১৫ মিনিটে প্রাপ্ত ৯৯৯-এর একটি জরুরি কলের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুন দৌলতপুর মীনাক্ষীর মোড় এলাকা থেকে অসহায় ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। তবে তিনি নিজের নাম ও ঠিকানা স্পষ্টভাবে বলতে না পারায় নিরাপত্তার স্বার্থে তাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেন। দীর্ঘ প্রচেষ্টায় তিনি কেবল নিজের নাম "জরিনা" এবং বাড়ি "দৌলতপুর" বলে উল্লেখ করতে সক্ষম হন।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১/০৭/২০২৬ ইং তারিখে ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় নিবিড় খোঁজ খবর ও তথ্য সংগ্রহ করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি বৃদ্ধাকে শনাক্ত করে তার পরিবারের সন্ধান লাভ করেন।
পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার পর ভিকটিম জরিনা খাতুন (৭০), সাং- পাবলা কারিগরপাড়া, থানা- দৌলতপুর, জেলা- খুলনাকে ভিকটিম সাপোর্ট সেন্টারের জিডি নম্বর-২৬২, তারিখ ২১/০৭/২০২৬ ইং মূলে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় তার ভাবি কমিরন বেগমের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
অসহায় ও বিপন্ন মানুষের দুর্দিনে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা পাশে থাকার এই জোরালো ভূমিকার জন্য সর্বমহলে প্রশংসিত হয়েছে। কেএমপি'র এমন জনমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||