ক্রাইম নিউজ ডেস্ক :

দেশের উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। আজ (বুধবার) থেকে দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোট পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন কার্যক্রম শুরু হচ্ছে।
এ উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য কর্মরত রয়েছেন, সেখানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি প্রতিষ্ঠানে মোট ১০ জন আনসার সদস্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে আজ থেকেই মোতায়েন কার্যক্রম কার্যকর করার পাশাপাশি বাস্তবায়ন শেষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে মোট ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ব্যয় হবে। এ ব্যয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিয়মিত বরাদ্দ থেকে নয়; বরং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্ধারিত বাজেট কোডের আওতায় বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়নের ফলে উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আরও নিরাপদ কর্মপরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের জন্যও স্বাস্থ্যসেবা গ্রহণের পরিবেশ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||