মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

হাসপাতালের আয়াকে বকশিশের ১০০ টাকা না দেওয়ায় অক্সিজেনের পাইপ খুলে নেওয়ার অভিযোগে যশোরে ১০ মাসের এক নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। আয়া’র এমন চরম অবহেলা ও নির্মমতায় প্রাণ হারানো শিশু মোছাঃ নাজমার পরিবার এখন ক্ষোভে ও শোকে ফুঁসছে। গত ৩১ মে (২০২৬) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু নাজমা যশোর শহরের শংকরপুর এলাকার নূর ইসলামের মেয়ে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ মে ২০২৬ তারিখে শিশু নাজমাকে শ্বাসকষ্টজনিত কারণে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে ৩১ মে পর্যন্ত সে চিকিৎসাধীন ছিল। ৩১ মে সকালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড (স্থানান্তর) করেন।ভিকটিমের পরিবারের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। হাসপাতাল ভবনের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর সময় সেখানে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী (আয়া) মোছাঃ নাজমা বেগম (৫৫) রোগীর স্বজনদের কাছে ১০০ টাকা বকশিশ দাবি করেন। টাকা দিতে বিলম্ব হওয়ায় আয়া নাজমা বেগম ক্ষুব্ধ হয়ে শিশুটির নাকে সংযুক্ত থাকা বিশেষ অক্সিজেন পাইপটি জোরপূর্বক খুলে নেন এবং তার পরিবর্তে বড়দের ব্যবহৃত একটি সাধারণ অক্সিজেন মাস্ক পরিয়ে দেন।
শিশুটির পিতা নূর ইসলাম ও অ্যাম্বুলেন্স চালক জানান, অক্সিজেনের পাইপটি পরিবর্তনের পরপরই শিশুটি দ্রুত অচেতন হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে না তুলে আবারও হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু নাজমাকে মৃত ঘোষণা করেন।নিহত শিশুর পিতা ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে বলেন, আইয়াকে ১০০ টাকা না দেওয়ার কারণেই সে আমার মেয়ের নাকের অক্সিজেনের পাইপটা খুলে দেয়। ওই পাইপটা পরিবর্তন না করলে হয়তো আজকে আমার বুক খালি হতো না। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।
অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী মোছাঃ নাজমা বেগম (৫৫) যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার আব্দুল বারিক শেখের স্ত্রী (বর্তমানে তিনি স্থানীয় চুন্নি/নান্নুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন)। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই নির্মম ঘটনায় পুরো হাসপাতাল এলাকা এবং নিহতের পরিবারে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||