এস এম তাজ আশরাফী :

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তরের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলো আবেদন ইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।
ইসি জানিয়েছে, দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
যেসব ভোটার স্থায়ী বা বর্তমান আবাসস্থল পরিবর্তনের কারণে নতুন এলাকায় ভোটার হিসেবে স্থানান্তর হতে চান, তাদের ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করার জন্য প্রস্তুতি নিতে হবে।
ইসির এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনের আগে নতুন এলাকায় বসবাসকারী অনেক ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||