মো: আল মাসুম খান, রংপুর চিফ, খুলনা :

কোস্টগার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্রসহ আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোআনি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল ৫ টায় কোস্টগার্ড বেইস মোংলা এবং আউট পোস্ট নলিয়ানের যৌথ সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের চিহ্নিত ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মো: বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত বনদস্যু দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে।
আটক মো: বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা ব্যাপী নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রেখেছে, যার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||