
ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তিদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ছয়জনকে ছয় মাস করে এবং তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান ও নয়ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এমন জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা বলছেন, জনসম্মুখে মাদক সেবনের মতো অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||