ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

ঢাকার সাভার ও ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগের পৃথক তিনটি বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার এনএস১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) বিভাগের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম ধাপে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এরপর রাত পৌনে ৯টার দিকে ধামরাই থানার ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মো. সুজল খান (৩২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
অন্যদিকে, রাত ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানার খাগান এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় মো. মনির হোসেন (৩৯) ও আসাদুল ইসলাম (৪১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। একই অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার এনএস১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে তিনটি এবং আসাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের এ অভিযানকে সাভার-ধামরাই এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। তবে মাদক সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||