ইয়াছিন আরাফাত রাফি, সাভার, ঢাকা :

শিল্পকারখানার চিরাচরিত ধূসর দৃশ্যপট বদলে দিয়ে পরিবেশবান্ধব স্থাপত্যের দৃষ্টান্ত স্থাপন করছে আল-মুসলিম গ্রুপ। সাভারের রেডিও কলোনিতে অবস্থিত প্রতিষ্ঠানটির শাখা ভবনটি এখন সতেজ লতাপাতা ও সবুজ উদ্ভিদের আচ্ছাদনে নান্দনিক রূপ পেয়েছে। আধুনিক স্থাপত্যের সঙ্গে প্রকৃতির এমন মেলবন্ধন নজর কেড়েছে স্থানীয়দের।
ভবনের দেয়াল ও ব্যালকনিজুড়ে ঘন উদ্ভিদের আচ্ছাদন শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, প্রখর সূর্যের তাপও প্রতিরোধ করছে। এতে ভবনের অভ্যন্তরীণ পরিবেশ তুলনামূলক শীতল ও আরামদায়ক রাখার পাশাপাশি সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখছে উদ্যোগটি।
আল-মুসলিম গ্রুপের এই উদ্যোগকে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের একটি কার্যকর মডেল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, রেডিও কলোনি শাখার পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য শাখা ভবনেও একই ধরনের সবুজায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা সচেতন মহলের মতে, শিল্পাঞ্চলে ভবনের ছাদ, দেয়াল ও খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছপালা ও লতাগুল্মের ব্যবহার বায়ুদূষণ কমানোর পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সাভারের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও এমন উদ্যোগ গ্রহণ করলে শিল্পাঞ্চলের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।
আধুনিক শিল্পায়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের সমন্বয় ঘটিয়ে আল-মুসলিম গ্রুপের এই ‘গ্রিন মডেল’ তাই সাভারের শিল্পাঞ্চলে নতুন একটি দৃষ্টান্ত হিসেবে আলোচনায় এসেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||