ডেস্ক রিপোর্ট :

জেলা প্রশাসকেরে সহকারী কমিশনার আশীষ কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারোলে মুক্তির আবেদনের বিষয়টি জনান। সেই সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য অনুরোধ করেন।
রোববার (২৫ জানুয়ারি) জেলা প্রশাসকের মিডিয়া সেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্যারোলে মুক্তির আবেদন বিষয়ে মূল বিষয়টি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে প্যারলে মুক্তির আবেদন যশোর জেলা প্রশাসনের নিকট কেউ করেনি বলে জানান কতৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বন্দি জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি।
ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লিখিত বন্দির স্ত্রীকে লিখিত চিঠি, কারাগারে বন্দি অবস্থায় ছবি দেখা যাচ্ছে, যা যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, এ ধরনের তথ্যও মিথ্যা; কারণ জেলা ম্যাজিস্ট্রেট, যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি।
বরং পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারাকর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মানবিক দিক বিবেচনায় কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে।
সাদ্দামের স্ত্রী ও সন্তান মৃত্যুর পর প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।
তিনি বলেন, প্যারোল সাধারণত কারা কর্তৃপক্ষ দেখে না, প্যারোল বাস্তবায়ন করেন কারা কর্তৃপক্ষ। তিনটা পার্টের মধ্যে আমরা একটা পার্ট। মূলত প্যারোল দেয় জেলা মাজিস্ট্রেট, এটা তার এখতিয়ার। আমাদের কাছে প্যারোলের আদেশ এলে, ওই আদেশের একটা অংশ হিসেবে বন্দিকে সংশ্লিষ্ট পুলিশের হাতে হস্তান্তর করি। প্যারোলের ক্ষেত্রে একটা নিদিষ্ট টাইম দেওয়া থাকে, ওই সময় অতিবাহিত হলে পুলিশ ওই বন্দিকে আবার আমাদের কাছে হস্তান্তর করে। সাদ্দামের ক্ষেত্রে তার পরিবার বা আত্মীয়স্বজন প্যারোলের জন্য আবেদন করেছে কিনা এ বিষয়টি কারা কর্তৃপক্ষের জানার সুযোগ নেই। তবে আমাদের কাছে যখন তারা লাশটা দেখাতে সুযোগ দেব কিনা জানতে চায়, তখন আমরা মানবিক দিক বিবেচনা করে সাক্ষাৎ করার ব্যবস্থা করি৷ এক্ষেত্রে প্যারোলের বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা নেই। বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এবং জেলা ম্যাজিস্ট্রেট আমাদের একটি পত্র দিয়েছেন। এছাড়াও একটি প্রেস বিজ্ঞপ্তিতে দেখেছি সেখানেও তিনি বলেছেন প্যারলের জন্য কেউ আবেদন করেননি। কাজেই কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা কাজের প্রতি কোনো অনীহা নেই। বরং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||