এস এম তাজ আশরাফী, ঢাকা :

রাজধানীর মিরপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।দাবিতে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন। সকাল আনুমানিক ৯টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সড়ক অবরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে মেট্রোরেলের তিনটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বন্ধ রাখা স্টেশনগুলো হলো—মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী। রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এসব স্টেশনে ট্রেন থামানো বন্ধ রয়েছে বলে মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের কয়েকটি সড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল।
পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। কোনো কোনো এলাকায় সাউন্ড গ্রেনেড ব্যবহারের খবরও পাওয়া গেছে।
এদিকে, সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ নম্বর এলাকার পূরবী সিনেমা হলের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিনও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের অবরোধ ও সংঘর্ষের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, পল্লবী ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহার করতে হচ্ছে।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি ও চাকরিসংক্রান্ত দাবিতে কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভ চলছে। শনিবারও মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

মিরপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে মেট্রোরেলের বন্ধ স্টেশনগুলোতে কখন পুনরায় ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||