
শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশের শিল্পাঞ্চলগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানা, শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়া, শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের মতো পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, মোতায়েন করা ৩৩ প্লাটুনের মধ্যে মিরপুরে ৩ প্লাটুন, সাভার ও আশুলিয়ায় ১১ প্লাটুন, গাজীপুরে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) প্রস্তুত রাখা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনসাধারণের জানমালের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।
সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভের ঘটনা ঘটে। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটে।
গত ৪ নভেম্বর তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা হয়। ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক-মালিক উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||