গোবিপ্রবি প্রতিবেদক :

গোবিপ্রবি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের অভিযোগে অভিযুক্ত ছাত্রশিবিরের নেতার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৪ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্টের মতো গুরুতর অভিযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো অত্যন্ত অনৈতিক ও নিন্দনীয়। যারা নৈতিকতা ও আদর্শের কথা বলে, তাদের সংগঠনের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা উদ্বেগজনক এবং এর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”
গোবিপ্রবি ছাত্রদলের ২নং যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক বলেন, “দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব কাঠামোকে ঘিরে অস্বচ্ছতা রয়েছে। গুপ্ত রাজনীতির সংস্কৃতি জবাবদিহিতা দুর্বল করে এবং অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তিকে বাধাগ্রস্ত করে। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”
সমাবেশ থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষাঙ্গনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||