মো. আল মাসুম খান। চীফ ক্রাইম রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভিনব কায়দায় পাচারের সময় ১১৪টি বিদেশি বন্যপ্রাণী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
গতকাল ৫ নভেম্বর চীন থেকে আমদানি করা দুটি কার্টনের ভেতরে ওয়েল্ডিং মেশিনের আড়ালে লুকিয়ে এসব বন্যপ্রাণী পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা প্রাণীর মধ্যে রয়েছে ৫টি অ্যালবিনো টেক্সাস র্যাট স্নেক (Albino Texas Rat Snake), কিং স্নেক, চাইনিজ ফায়ার-বেলিজ নিউট, রেড-ইয়ারড স্লাইডার কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির বিদেশি বন্যপ্রাণী। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ১১৪টি প্রাণী।
বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে কাস্টমস, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং AVISEC-এর প্রতিনিধিরা সহযোগিতা করেন।
এ ঘটনায় আটক ব্যক্তিকে তাৎক্ষণিক ভাবে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা প্রাণীগুলো বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের স্থল বন্দর ও বিমান বন্দর গুলোকে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার রোধে আরও কার্যকর নজরদারির আওতায় আনা জরুরি।
বিশেষ করে পাচারকারীদের ব্যবহৃত প্রবেশ ও বহির্গমন পয়েন্ট গুলোতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তৎপরতা বাড়ানো গেলে অবৈধ বন্যপ্রাণী ও পোষা প্রাণীর বাণিজ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব।
বন্যপ্রাণী পাচার শুধু জীববৈচিত্র্যের জন্য হুমকি নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি করে। তাই বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||