নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা ইউরোপীয়ান ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর এনগেজ প্রকল্পের উদ্যোগে এ সংলাপ সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের সুশীল সমাজ সংগঠনের সদস্য, স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার অজিফা খাতুন।
সংলাপ সভায় খোন্তাকাটা ইউনিয়নের সুপেয় পানির সংকট, গ্রামীণ সড়কের চলাচল সমস্যা, প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দলীয় পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকি ও দুর্ভোগের মুখোমুখি হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি, নিরাপদ পানির সংকট, পরিবেশ দূষণ এবং অবকাঠামোগত সমস্যার কারণে স্থানীয় জনগণের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এসব সমস্যা মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সংলাপ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||