নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

ব্রেকফেল’ নাকি চালকের বেপরোয়া গতি— দুর্ঘটনার পর উঠছে প্রশ্ন, তদন্ত দাবি।
বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি বাসের চাপায় আবু হানিফ ব্যাপারী (৬৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। দুর্ঘটনার পর হামিম পরিবহনের চালকের দায়িত্বশীলতা ও বাসটির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পরিবহন কর্তৃপক্ষের দাবি, বাসটির ব্রেকফেল করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন— হানিফ হাওলাদার (৪৫), সুরমা বেগম (৩৫) ও সোহেল হাওলাদার। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে হামিম পরিবহনের একটি বাস ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আবু হানিফ ব্যাপারী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে ছিটকে পড়েছেন বলেও স্থানীয়রা জানান।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, চালকের বেপরোয়া বা অসতর্কভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
হামিম পরিবহনের কাউন্টার ম্যানেজার মিজানুর রহমান দাবি করেন, বাসটির ব্রেকফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
তবে প্রশ্ন উঠেছে— যাত্রীবাহী একটি বাসের ব্রেক কীভাবে বিকল হলো? বাসটি সড়কে চলাচলের আগে যথাযথভাবে পরীক্ষা করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
একটি বাসের যান্ত্রিক ত্রুটি যদি আগে থেকেই থেকে থাকে এবং যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া সেটি রাস্তায় নামানো হয়ে থাকে, তাহলে সেটি নিছক দুর্ঘটনা নাকি অবহেলার ফল— তা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি উঠেছে।
দুর্ঘটনার পরও গ্রেপ্তার নেই।দুর্ঘটনায় একজনের প্রাণহানি এবং তিনজন আহত হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে বাসটির যান্ত্রিক পরীক্ষা, চালকের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস ও রুট পারমিট যাচাই করা হোক। পাশাপাশি চালকের বেপরোয়া গতি বা অবহেলা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শরণখোলা থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় কার— তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি নতুন কোনো ঘটনা নয়। কিন্তু প্রতিটি দুর্ঘটনার পর ‘ব্রেকফেল, নিয়ন্ত্রণ হারানো’ কিংবা ‘দুর্ভাগ্য’ বলে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়। একটি যাত্রীবাহী বাসের যান্ত্রিক ত্রুটি কেন হলো, গাড়িটি চলাচলের উপযোগী ছিল কি না এবং চালকের কোনো অবহেলা ছিল কি না— এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্ত জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, তদন্তে কোনো পক্ষের প্রভাব বা চাপ যেন কাজ না করে। নিহত আবু হানিফ ব্যাপারীর পরিবার যেন ন্যায়বিচার পায় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়— এটা এখন তাদের দাবি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||