নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

বাগেরহাটের শরণখোলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ।
শুক্রবার (৮ আগস্ট) সকালে শরণখোলা শহীদ মিনারসংলগ্ন প্রেসক্লাব এলাকায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে, উপজেলার ৮৪ নম্বর উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন একই এলাকার মৃত নাসির উদ্দিন তালুকদারের ছেলে আলমগীরের তালুকদার। মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযুক্ত আলমগীরের তালুকদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন মুক্তা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল মীর এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
লাঞ্ছিত শিক্ষক আব্দুস সাত্তার জানান, গত ৬ আগস্ট বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে তিনি রায়েন্দা বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে উপজেলার আমড়াগাছিয়া সাতঘর মসজিদ এলাকায় পৌঁছালে আলমগীরের তালুকদারের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাকে গাড়ি থেকে নামিয়ে কিল-ঘুসি ও চড়-থাপ্পড় মারেন। এতে তিনি আহত হন বলে দাবি করেন।
এ ঘটনায় তিনি শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান শিক্ষক আব্দুস সাত্তার।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত আলমগীরের তালুকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||