নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা, বাগেরহাট :

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) এ কর্মরত নার্স রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগমের মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ ও বেসরকারি হাসপাতালের সহকর্মীরা।
২৩ জুলাই ভোর চারটার দিকে গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বাড়ি গ্রামের বাসিন্দা জসীম উদ্দীনের স্ত্রী রিক্তা আক্তার ওরফে হাসিনা বেগম (৩৪) গত ৩ জুলাই রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতাল (প্রাইভেট) এ একজন নার্স হিসেবে যোগদান করেন। তিনি ওই হাসপাতালে রাতে ডিউটি করতেন।
তার স্বামী জসিম উদ্দিন জানান, ২২ জুলাই রাত সাড়ে সাতটার দিকে তার স্ত্রী রিক্তা বেগম বাড়ি থেকে রওনা দিয়ে হাসপাতালে আসেন। তবে তিনি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
হাসপাতালের পরিচালক আলিম আলরাজি মুক্তি জানান, রাতে ডিউটি চলাকালীন ১ : ৫৭ মিনিটে তিনি বাথরুমে যান। আধা ঘণ্টা হয়ে গেলেও ওই রুম থেকে বের না হওয়ায় তার সহকর্মী এক নার্স তাকে ডাকাডাকি করেন। তার ডাকে সাড়া না পাওয়ায় বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে রাত সাড়ে চারটায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, বাথরুমে তার হাতে একটি প্যাথেডিন ইঞ্জেকশন সুঁইসহ পাওয়া গেছে, যার বেশির ভাগ ব্যবহার করা হয়েছে।
তার স্বামী জসিম উদ্দিন জানান, তার হার্টের সমস্যা ছিল। এছাড়া তিনি ঘুম এবং ব্যথা নিবারণের জন্য প্রায়ই ঘুমের ওষুধ ও ইনজেকশন ব্যবহার করতেন।
এ বিষয়ে একজন অভিজ্ঞ মেডিক্যাল অফিসার বলেন, প্যাথেডিন ইঞ্জেকশন ঘুমের কাজ করলেও এর অতিরিক্ত ব্যবহার যে কোনো ধরনের বড়ো সমস্যা ঘটাতেই পারে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে যে স্থানে প্যাথেডিন ইনজেকশন ব্যবহার করা হয়েছে, সেখানে কালো দাগ রয়েছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছ।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||