নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বাগেরহাটের শরণখোলায় নারিকেল গাছ থেকে পড়ে মাহিন হাওলাদার (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাহিন মোরেলগঞ্জ উপজেলার ইসমাইল হাওলাদারের ছেলে।
নিহত মাহিনের বড় ভাই রাজু হাওলাদার জানান, তাদের বাবা তাদের ছেড়ে খুলনায় থাকেন। এরপর তারা শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবোনিয়া আবাসন পল্লীতে এসে বসবাস শুরু করেন। তার ছোট ভাই মাহিন একসময় পড়াশোনা করত। বর্তমানে কেউ ডাকলে কারও সুপারি, আবার কারও নারিকেল পেড়ে দিত।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী রহমান তালুকদার মাহিনকে নারিকেল পাড়ার জন্য গাছে ওঠান। এ সময় গাছ থেকে পড়ে মাহিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার বলেন, নারিকেল গাছ থেকে পড়ে আহত মাহিনকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, গাছ থেকে পড়ে শিশু মৃত্যুর ঘটনা শুনে তিনি হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||