নইন আবু নাঈম, শরণখোলা, বাগেরহাট :

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির (১৮)। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তাঁর। এ জন্য ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নয় হাজার টাকা নিয়েছিলেন পিংকি। যাওয়ার আগে মায়ের কাছে আরও ১০০ টাকা চান তিনি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান পিংকি। পরে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত লতিকা হেলেন পিংকি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম বলেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে পিংকির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||