মো. মিঠুন হাসান জাকারিয়া, স্টাফ রিপোর্টার :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ ও শতভাগ নিরপেক্ষ করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
সোমবার (১২ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি বলেন, গোপালগঞ্জে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের ভূমিকা থাকবে নিরপেক্ষ। নির্বাচনি পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম এবং মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিন। এ ছাড়াও সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রথমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসন মুকসুদপুর উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||