মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে খুলনার রূপসা-পশুর, শিবসা, ইছামতি এবং বেতনা-খোলপেটুয়া সহ ৬টি নদীর একাধিক পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), খুলনার হাইড্রোলজি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপকূলীয় নিম্নাঞ্চল, বসত ভিটা ও মাছের ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছে।
পাউবোর তথ্য অনুযায়ী, বেতনা-খোলপেটুয়া নদীর প্রতাপনগর পয়েন্টে পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার, রূপসা-পশুর নদীর চালনা পয়েন্টে ৮৭ সেন্টিমিটার, মোংলা পয়েন্টে ১.২৫ মিটার, ইছামতি নদীর বসন্তপুর পয়েন্টে ৩০ সেন্টিমিটার, কৈখালী পয়েন্টে ৬৩ সেন্টিমিটার এবং শিবসা নদীর পাইকগাছা পয়েন্টে ১.৩২ মিটার ও নলিয়ানালা পয়েন্টে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া দড়াটানা নদীর বাগেরহাট পয়েন্ট, গড়াই-মধুমতি নদীর রায়েন্দা পয়েন্ট, ইছামতি নদীর সাকরা পয়েন্ট, কপোতাক্ষ নদীর চাঁদখালী পয়েন্ট এবং রূপসা-পশুর নদীর খুলনা পয়েন্টে পানির উচ্চতা এখনও বিপৎসীমার নিচে রয়েছে।
তবে কপোতাক্ষ নদীর তালা-মাগুরা পয়েন্টে পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে।
এর ফলে দাকোপ, বটিয়াঘাটা ও মোংলা সহ উপকূলীয় এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল, বসতভিটা এবং বেশ কিছু মাছের ঘের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
এদিকে জোয়ারের সময় রূপসা ও ভৈরব নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় খুলনা মহানগরের ড্রেনেজ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়। ময়ূর নদী ও নগরীর ড্রেন দিয়ে পানি দ্রুত নিষ্কাশন ব্যাহত হওয়ায় রয়্যাল মোড়, নিরালা, মুজগুন্নি, শিববাড়ি, সোনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তবে জোয়ারের পানি নেমে যাওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নদ-নদীর পানির উচ্চতা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে পানির উচ্চতা আরও বাড়তে বা কমতে পারে।
প্রসঙ্গত, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও জোয়ারের প্রভাবে খুলনা মহানগর ব্যাপক জলাবদ্ধতার কবলে পড়ে।জোয়ারের সময় রূপসা ও ভৈরব নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় নগরীর ড্রেন ও ময়ূর নদী দিয়ে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয়নি। ফলে রয়্যাল মোড়, নিরালা, মুজগুন্নি, শিববাড়ি, সোনাডাঙ্গাসহ বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন মারাত্মক ভাবে ব্যাহত হয়। যদিও জোয়ারের পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবুও এ ঘটনা খুলনার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাকে আবারও সামনে নিয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও নগর পরিকল্পনাবিদদের মতে, কেবল ড্রেন পরিষ্কার করলেই স্থায়ী সমাধান হবে না। খুলনা শহরের জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি নগরীর ২২টি খাল সম্পূর্ণ উদ্ধার, দখল মুক্তকরণ, পুনঃখনন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমন্বিত ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হলে ভবিষ্যতে ভারী বর্ষণ ও জোয়ারের সময় নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||