মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার রূপসায় মাংস বিক্রির মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ ঢালী (৪০) নামের এক চা-দোকানিকে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার এক মাস পর মামলার প্রধান আসামি আবুল খায়ের লস্করকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আবুল খায়ের লশকর রূপসা থানার আনন্দনগর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কসাই ও গরু ব্যবসায়ী। নিহত দ্বীন মোহাম্মদ ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পিবিআই ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ বিকেলে ভবানীপুর স্কুলের পাশে দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে যান আবুল খায়ের। সেখানে পাওনা ৪০০ টাকা নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আবুল খায়ের তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে রাস্তায় বের করে আনেন এবং পাশে থাকা ইট দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছালমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তভার নেয় পিবিআই। পিবিআই খুলনা জেলা পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৬ এপ্রিল রাতে কোতোয়ালি থানার উপশহর এলাকা থেকে ঘাতক আবুল খায়েরকে গ্রেপ্তার করে।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি নড়াইল ও যশোরের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||