মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :
ঢাকা থেকে দেশী ও বিদেশি মদের চালান নিয়ে খুলনায় রুপসা টোল প্লাজায় এসে গ্রেপ্তার হলেন প্রাইভেটকার সহ দুইজন মাদক কারবারি। এসময় জব্দ করা হয় একটি ভাড়ায় চালিত প্রাইভেট কার। গতকাল বুধবার ১৪ মে রাত সাড়ে নয়টার দিকে খুলনার রূপসা সেতুর টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ওই মদের চালান উদ্ধার করে।
এ সময় গ্রেপ্তার করা হয়, মোঃ আব্দুর রহিম শরীফ (৫৩) এবং গাড়িচালক মোঃ ওহাব শিকদারকে (৬০) । উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৪ পিস বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এবং ৪৬ পিস দেশীয় কেরু এন্ড কোম্পানির মদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা থেকে দেশি-বিদেশি মোট ৮০ পিস মদের বোতল নিয়ে খুলনায় আসছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজা থেকে তা আটক করে। তবে উদ্ধারকৃত মদের মূল্য প্রাথমিক ভাবে নিরূপণ করা যায়নি। মাদকদ্রব্য সহ আটকেরা জানান, ঢাকার একটি মাদক ব্যবসায়ী গ্রুপের কাছ থেকে মাঝে মধ্যে ভাড়া করা প্রাইভেটকার যোগে খুলনায় এসে মদের চালান খুলনার মাদক ব্যবসায়ী গ্রুপের কাছে হস্তান্তর করে চলে যায়। এর আগেও তারা একাধিক বার খুলনায় আসে। প্রথমে তারা সেগুলো নিয়ে জিরো পয়েন্টে আসে। সেখানে ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ির নম্বর পেয়ে খুলনার মাদক ব্যবসায়ীরা বিশেষ সিগনালের মাধ্যমে অন্য গাড়িতে মদের বোতল তুলে নিয়ে যায়। তবে খুলনার কারা এর সাথে জড়িত তাদের কারও নাম বলতে পারেননি গ্রেপ্তারকৃতরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আটক হওয়ার পর একাধিকবার আব্দুর রহিম শরীফের মোবাইলে জামাল নামের একজন হোয়াটসএ্যাপে কল দেয়। কিন্তু আব্দুর রহিম জামাল নামে কাউকে চেনেন না বলে জানান। প্রাইভেট চালক মোঃ ওহাব শিকদার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কাছে জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত সচিবের গাড়ির ড্রাইভার। ওই সচিবের নাম রাশেদ খান। যার বাড়ি মানিকগঞ্জে এবং সেখানে রাশেদ খান নামে একটি কলেজও রয়েছে। তবে গাড়িটি রাশেদ খানের স্ত্রী রাবেয়া খাতুনের নামে। যার নম্বর-ঢাকা মেট্রো গ-৩১-৫৯৫৬, রাবেয়া খাতুন একজন স্কুল শিক্ষক বলেও জানান চালক। মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আব্দুর রহিম শরীফ ঢাকার কামরাঙ্গির চর চৌরাস্তার হজরত নগর এলাকার বাসিন্দা এবং প্রাইভেট কারের ড্রাইভার মোঃ ওহাব শিকদার ঢাকার লালবাগের আমরেগোলা এলাকায় বসবাস করেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||