মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

চিকিৎসার আড়ালে আটকে রাখা, নির্যাতন, ব্ল্যাকমেইল ও দীর্ঘমেয়াদি অর্থ আদায়ের অভিযোগ
অবৈধ ও অসাধু রিহ্যাব সেন্টারগুলোর বিরুদ্ধে চিকিৎসার নামে মাদকাসক্ত বা মানসিক ভাবে অসুস্থ ব্যক্তিদের আটকে রেখে শারীরিক নির্যাতন, ব্ল্যাকমেইল এবং দীর্ঘমেয়াদি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
নিরাময় কেন্দ্রের আড়ালে কোথাও কোথাও মাদক ব্যবসা ও টর্চার সেলের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও পাওয়া গেছে।
এমনকি রোগীকে সুস্থ করে তোলার নামে অভিভাবকদের কাছ থেকে মাদক কেনার টাকা আদায়ের অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য রোগীর চিকিৎসার চেয়ে পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া।এখানেই শেষ নয়। সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে সম্পত্তির বিরোধেও অর্থের বিনিময়ে রিহ্যাব সেন্টারের বিশেষ একটি দল ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এসব দলের সদস্যদের কোথাও কোথাও ‘ক্যাচিং পার্টি’ নামে ডাকা হয়। অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে ভালো ও সুস্থ মানুষকেও মাদকাসক্ত সাজিয়ে ধরে এনে নিরাময় কেন্দ্রে বন্দি করে রাখা হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কিছু মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অন্দরমহল নিয়ে অনুসন্ধানে এমন আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্যাতন, জোরপূর্বক আটকে রাখা এবং অর্থ আদায়ের অভিযোগ ও তথ্য প্রমাণ প্রকাশ পেয়েছে।অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীর অভিজাত এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে এ ধরনের কিছু রিহ্যাব সেন্টার। বাইরে থেকে এসব প্রতিষ্ঠান চিকিৎসা ও পুনর্বাসনের কথা বললেও ভেতরের চিত্র নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন।
রাজধানীর কয়েকটি অভিজাত এলাকার রিহ্যাব সেন্টারে চিকিৎসা ব্যয় নিয়েও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অনুসন্ধানে জানা গেছে, পারিবারিক ভাবে পাঠানো কিংবা ধরে আনা একজন রোগীকে অন্তত তিন মাস চিকিৎসার নামে সেখানে থাকতে হয়। এর জন্য দৈনিক ন্যূনতম ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ। এর সঙ্গে যোগ হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ।
ভর্তির সময় অগ্রিম হিসেবে দুই লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও রয়েছে।
রোগীকে তাৎক্ষণিক ভাবে ভর্তি করে নেওয়া হলেও নিয়ম অনুযায়ী মাদকাসক্ত হিসেবে কাউকে ভর্তির আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ডোপ টেস্টের মাধ্যমে তার অবস্থা যাচাই করা জরুরি। কিন্তু অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে যথাযথ পরীক্ষা ছাড়াই রোগীকে ভর্তি করা হয়।
রিহ্যাব সেন্টারে প্রবেশের পর রোগীর দেহ তল্লাশি করা হয়। মোবাইল ফোন, কলম, ঘড়িসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী একটি কক্ষে জমা রাখা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নিরাময়কেন্দ্রের বিশেষ নিরাপত্তাবেষ্টিত এলাকায়, যাকে কোথাও কোথাও ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করা হয়।
২৪ ঘণ্টা পর্যবেক্ষণের নামে রোগীকে মূল চিকিৎসা কেন্দ্র বা ‘রেড জোনে’ রাখার পরপরই বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। জায়গাটির চারপাশ পর্দা দিয়ে ঘেরা থাকে। বাইরের আলো-বাতাস এমনকি স্বাভাবিক শব্দও সেখানে প্রবেশের সুযোগ সীমিত বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় এমন বদ্ধ পরিবেশে থাকার কারণে রোগীদের শারীরিক ও মানসিক অস্বস্তিতে পড়তে হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, কোনো কোনো রিহ্যাব সেন্টারে একই সঙ্গে ২৫ থেকে ৫০ জন তরুণকে রাখা হয়। প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী, তারা সবাই মাদকাসক্ত এবং তাদের চিকিৎসা চলছে। তবে অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই নতুন রোগীর চিকিৎসা শুরু করা হয়।
নতুন রোগী আসার খবর ছড়িয়ে পড়লে সেখানে থাকা অন্য রোগীরা তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। তারা জানতে চান, তিনি নিজে থেকে এসেছেন নাকি ‘ক্যাচিং’ করে তাকে আনা হয়েছে। কী ধরনের মাদক গ্রহণ করতেন, ইয়াবা না হেরোইন, নাকি অন্য কোনো মাদক, এমন নানা প্রশ্ন করা হয়। আবার কারও কারও ক্ষেত্রে প্রেম ঘটিত বিষয় নিয়েও প্রশ্ন করা হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এসব প্রশ্নোত্তরের মধ্যেই নতুন রোগীকে প্রতিষ্ঠানের নিয়মের মধ্যে নিয়ে আসা হয় এবং বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল খেতে দেওয়া হয়। তবে এসব ওষুধ কী, কেন দেওয়া হচ্ছে এবং কোন চিকিৎসকের পরামর্শে দেওয়া হচ্ছে, সে বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে।
খাবারের মান নিয়েও রয়েছে অভিযোগ।কোথাও এক টুকরো মাছ, ডাল ও নিম্নমানের ভাত পরিবেশন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খাবার পর্ব শেষে কোনো কোনো প্রতিষ্ঠানে ধূমপানের সুযোগ দেওয়া হয় বলেও জানা গেছে।
অনুসন্ধানে এমন একটি বদ্ধ কক্ষের কথাও উঠে এসেছে, যেখানে একসঙ্গে প্রায় ২০ জন ধূমপান করেন বলে অভিযোগ। কক্ষটি ছোট হওয়ায় ধোঁয়া বের হওয়ার পথও সীমিত। ফলে সেখানে বেশিক্ষণ অবস্থান করা কঠিন হয়ে পড়ে।
বিভিন্ন বয়সী মানুষকে এ ধরনের প্রতিষ্ঠানে আটকে রাখার অভিযোগও রয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, অর্থের বিনিময়ে কাউকে ধরে এনে রিহ্যাব সেন্টারে বন্দি করে রাখা সম্ভব বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে মামলা কিংবা থানায় যাওয়ার প্রয়োজন হয় না বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, টাকা পেলে নিরাময় কেন্দ্রের লোকজনই তথাকথিত ‘ক্যাচিং পার্টি’ হিসেবে কাউকে ধরে নিয়ে আসে। এরপর পরিবারের সদস্যরা মুক্ত করার চেষ্টা করলেও নানা অজুহাতে তাকে সেখানে আটকে রাখা হয়। তার মতো আরও অনেকেই হয়তো এমন প্রতিষ্ঠানে বন্দি রয়েছেন, কিন্তু তাদের প্রকৃত অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার সুযোগ সীমিত।
মাঝেমধ্যে প্রশাসনের লোকজন এসব প্রতিষ্ঠান পরিদর্শনে গেলেও অভিযোগ রয়েছে, তারা অনেক সময় শুধু অফিস কেন্দ্রিক কার্যক্রম শেষ করে চলে যান।
রোগীরা কোন পরিবেশে আছেন, তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, চিকিৎসা যথাযথ ভাবে হচ্ছে কি না, কিংবা কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে কি না, এসব বিষয়ে গভীর ভাবে অনুসন্ধান করা হয় না বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা প্রতিষ্ঠানভেদে পৃথক ভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে চূড়ান্ত ভাবে চিহ্নিত করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রিহ্যাব কর্তৃপক্ষ ও ভুক্তভোগীদের বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করা জরুরি।মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বৈধ ও মানসম্মত রিহ্যাব সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে।
কিন্তু চিকিৎসার নামে যদি কোনো ব্যক্তিকে জোরপূর্বক আটকে রাখা, নির্যাতন, ব্ল্যাকমেইল বা অর্থ আদায়ের ঘটনা ঘটে, তাহলে তা অত্যন্ত গুরুতর অপরাধের অভিযোগ।
তাই দেশের সব মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের কার্যক্রম, লাইসেন্স, চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল, রোগী ভর্তির প্রক্রিয়া, চিকিৎসা নথি, ওষুধ ব্যবস্থাপনা, রোগীদের সঙ্গে স্বজনদের যোগাযোগ এবং অর্থ লেনদেনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।
একই সঙ্গে ‘ক্যাচিং পার্টি’র মাধ্যমে কাউকে জোর করে ধরে এনে আটকে রাখার অভিযোগ গুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি। চিকিৎসার নামে যেন কোনো মানুষ প্রতারণা, নির্যাতন ও অবৈধ বন্দিত্বের শিকার না হন, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||