ক্রাইম নিউজ ভ্রাম্যমাণ প্রতিবেদক :

খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার বড় মসজিদের বাউন্ডারির পশ্চিম পাশে লাগোয়া জমিতে একটি বহুতল ভবনের নির্মাণ ঘিরে চাঞ্চল্য এবং তীব্র জনমত সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণাধীন ভবনটি পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন জমির মধ্যে প্রায় দেড় ফুট ঢুকে পড়েছে এবং সরকারি রাস্তা ও ড্রেনের ওপর সিঁড়ি নির্মাণ করে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত করা হয়েছে।
ভুক্তভোগী পারমিছ বেগম জানান, তার নিজ মালিকানাধীন জমির একটি অংশ দখল করে ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। একইসঙ্গে, সরকারি রাস্তার উপর নির্মিত সিঁড়ি ও ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ার কারণে এলাকায় পানি জমে থাকার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, এলাকার একটি প্রভাবশালী চক্র সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে পারমিছ বেগম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ এবং খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর
জমির সুনির্দিষ্ট বিবরণে, অভিযুক্ত ভবনের মালিক, ১। শেখ আব্দুল সাত্তার আমিন, ২। শেখ আব্দুল ওয়াদুদ, সাবেক দাগ: ৫৯৫, বর্তমান খতিয়ান: ৩২৪, দাগ নম্বর: ৫১৮৩, জমির পরিমাণ: ৬ শতক ৬ পয়েন্ট,
ভুক্তভোগী পারমিছ বেগমের জমি, সাবেক দাগ: ৫৯৫, বর্তমান খতিয়ান: ১০০০, দাগ নম্বর: ৫১৮১, জমির পরিমাণ: ৬ শতক ৪০ পয়েন্ট, দলিল অনুসারে মালিকানাধীন জমি: ৭ শতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারমিছ বেগমের জমির দক্ষিণাংশে নির্মাণাধীন ভবনটির একটি অংশ অনুমোদিত সীমা অতিক্রম করে দেড় ফুট ভেতরে প্রবেশ করেছে। সেই সাথে সরকারি রাস্তার ওপর নির্মিত সিঁড়ি পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। অপরদিকে, ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় এলাকা পানি নিষ্কাশনহীন অবস্থায় পড়েছে, যা আসন্ন বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই ধরণের নির্মাণ কার্যক্রম একাধিক আইন লঙ্ঘনের মধ্যে পড়ে, যার মধ্যে রয়েছে,
অপরাধ মূলক অনুপ্রবেশ (ধারা ৪৪১, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০):
কোনো জমির মালিকের অনুমতি ছাড়া তার জমিতে প্রবেশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। এই অপরাধের জন্য ৩ মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।
সরকারি রাস্তা ও ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করলে তা দখলের শামিল এবং এর বিরুদ্ধে জরিমানা ও উচ্ছেদের ব্যবস্থা রয়েছে।
কোনো ব্যক্তি অনুমোদিত নকশার বাইরে গেলে কেডিএ আইন অনুযায়ী দণ্ডনীয় এবং কেডিএ অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে পারে।
কেডিএ’র প্রশংসনীয় তৎপরতা, এ ঘটনার বিষয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং প্ল্যান বহির্ভূত নির্মাণ বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। কেডিএ নগর উন্নয়নে নিয়ম-শৃঙ্খলার প্রশ্নে সবসময় কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে নগরবাসীর স্বার্থে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, কেডিএ এই ঘটনাতেও দৃঢ় অবস্থান নেবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবে।
পারমিছ বেগম একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। তার আবেদন, যেন তার জমির বৈধ মালিকানা রক্ষা ও সীমানা সুরক্ষা নিশ্চিত হয়, এবং সরকারি সম্পত্তির দখল দ্রুত উচ্ছেদ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,সরকারি রাস্তা ও ড্রেন দখল করে ভবন নির্মাণ হলে জলাবদ্ধতা বাড়বে, চলাচল বাধাগ্রস্ত হবে। এটা কেবল এক ব্যক্তির সমস্যা নয়, পুরো এলাকার জনদুর্ভোগের কারণ।তারা প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অনিয়ম করতে না পারে।রায়ের মহলের মতো ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন অনিয়ন্ত্রিত ও আইন বহির্ভূত নির্মাণ কার্যক্রম শহরের পরিকল্পনা, নাগরিক জীবন এবং সরকারি সম্পত্তির সুরক্ষার ওপর সরাসরি আঘাত হানে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর—কেডিএ, খুলনা সিটি কর্পোরেশন, ভূমি অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনী—সমন্বিত উদ্যোগে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||