এস এম আজাহার হোসেন, জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

মাদারীপুরের রাজৈর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার চক্রের অন্যতম মূলহোতা ও কথিত গডফাদার এনামুল মাতুব্বরকে (৩০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এনামুল মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের এসাহাক মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল মাতুব্বরের বিরুদ্ধে মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণা ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানব পাচারকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মানব পাচারসহ সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||